নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

Cumilla24

৮ ঘন্টা আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৬৫) ও মো. কাইয়ুম দেওয়ান (৭৫) নামে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাশেম বেপারী (৭০) নামে আরও এক বৃদ্ধ।

সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেকবর আলী সরকার উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে। অপর নিহত কাইয়ুম দেওয়ান গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে। আহত হাশেম বেপারী একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে কয়েকজন বৃদ্ধ বাড়ি ফেরার পথে মসজিদের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

আহত হাশেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তারা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় হঠাৎ একটি ড্রাম ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর কী ঘটেছে, তা আর বলতে পারেননি।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন তিনজন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছিল।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied